ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। তবে জীবনে সঠিক মানুষের দেখা পেলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন চলছে। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান, ইয়াশ তাঁর খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। তটিনীর ভাষ্য, ‘যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’ তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার চেয়েও পারস্পরিক সম্মান ও মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী চান এমন প্রশ্নে তটিনী জানান, তিনি এমন একজনের অপেক্ষায় আছেন যিনি তাঁকে ও তাঁর পরিবারকে ভালোবাসবেন এবং তাঁর পেশাকে উপযুক্ত সম্মান দেবেন। এদিকে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই তারকা। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তাঁর একাধিক নাটকের পাশাপাশি সম্প্রতি খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘সুতরাং’ নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।