পাবনার আতাইকুলায় লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলিফ (২৩) ওই গ্রামের মৃত রইজ শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
প্রতিবেশীরা জানায়, প্রায় দুই বছর আগে লিবিয়া গেছেন বাদশা মিয়া। এরপর তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জের ধরে গতকাল সোমবার রাতে আলিফ ওই নারীর ঘরে যান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা ঘরে আলিফের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, বাদশার স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকায় আলিফ রাতে সেখানে গিয়েছিলেন। অনৈতিক সম্পর্কে বিষয়টি টের পেয়ে বাদশার পরিবারের লোকজন আলিফকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।