পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনায় হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে তার সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।

আজ সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হোসেন আলী চরমপন্থি দলের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছেলেকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার হোস্টেলে দিতে গিয়েছিলেন হোসেন আলী। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গুলিতে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা খুনিদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মোটরসাইকেলটি জব্দ করেছে। হোসেন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *