পরকীয়ার অভিযোগে আটক ব্যক্তি নারীসহ কারাগারে

নওগাঁর মান্দায় পরকীয়ার সময় আটক হওয়া গাড়িচালক জিয়াবুর রহমানকে (৪২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় অভিযুক্ত নারীকেও আটক করা হয়। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে মান্দা থানা পুলিশ প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টির বাসিন্দা। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, আগে থেকেই ওই নারীর সঙ্গে জিয়াবুর রহমানের পরকীয়ার একটা সম্পর্ক চলে আসছিল। এর আগেও এ বিষয় নিয়ে গ্রামে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু কাউকে নির্বৃত্ত করা যায়নি। বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে ওই নারীর সঙ্গে গোপনে দেখা করতে যায় জিয়াবুর রহমান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি খোরশেদ আলম বলেন, ‘এ ঘটনায় কোনো বাদী না থাকায় আজ দুপুরে মান্দা থানা পুলিশ প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠান। বিজ্ঞ আদালত জামিন শুনানি শেষে তাদের জেলা কারাগারে পাঠিয়েছেন।’

জিয়াবুর রহমান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর গাড়িচালক ছিলেন কি না জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তিনি এমপির গাড়িচালক ছিলেন—বিষয়টি নিশ্চিত। তবে, শুনেছি সম্প্রতি তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *