নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে বাবু গুরুতর আহত হন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই রুবেল (৩০) ও অন্য পক্ষের মিরাজ (২০) নামে আরও দুজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মিরাজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।