নৈশ ভোজের আগেই ট্রাম্পের প্রেস সচিব বলেছিলেন ‘আজ রাতে গুলি চলবে’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে প্রেস সচিব ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য। অনুষ্ঠান শুরুর আগেই দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

নৈশভোজের আগে ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, “আজ রাতে কিছু গুলি ছোড়া হবে।” তিনি পরে স্পষ্ট করেন, এটি ছিল রূপক অর্থে বলা—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার আক্রমণাত্মক ও প্রাণবন্ত ধরন বোঝাতে এমন মন্তব্য করেছিলেন তিনি।

লেভিট আরও বলেন, ট্রাম্পের বক্তব্য হবে “ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্প”—যেখানে থাকবে বিনোদন ও তীব্র রাজনৈতিক বার্তা। তিনি জানান, ভাষণটি ট্রাম্প নিজেই লিখেছেন।

তবে এই মন্তব্যের কিছুক্ষণ পরই নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চে উপস্থিত ছিলেন। পরিস্থিতি বুঝে দ্রুত সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ঘিরে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

পরে ট্রাম্প জানান, হামলাকারী সম্ভবত একক ব্যক্তি এবং তাকে দ্রুত আটক করা হয়েছে। ঘটনাটিকে তিনি নিজের বিরুদ্ধে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

এ ঘটনায় এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান। ট্রাম্প বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো বস্তু পড়ে যাওয়ার শব্দ, কিন্তু ফার্স্ট লেডি দ্রুত বিষয়টি গুলির শব্দ হিসেবে শনাক্ত করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে পালানোর চেষ্টা করছে এবং সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে ধাওয়া করছেন।

এদিকে ঘটনার পরপরই লেভিটের আগের মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এক্স (সাবেক টুইটার)-এ ভিডিওটি ইতোমধ্যে ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে।

অনেক ব্যবহারকারী মন্তব্যটিকে “অদ্ভুত মিল” হিসেবে দেখছেন। কেউ কেউ এটিকে কাকতালীয় বললেও, আবার অনেকে বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করেছেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *