নেত্রকোনায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় অটোরিকশাটি রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে আসছিল। পথে চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশাটির চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে আরও তিনজন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *