জামালপুর সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। পরে বাসটিও উল্টে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ বিষয়ে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।