খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই মাস পার হলেও নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত তারবিয়াত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জ্বালানি সংকটের কারণে সারাদেশে হাহাকার চলছে; নিত্যপণ্যের দাম আগেও জনগণের নাগালের বাইরে ছিল, এখন তা আরও বেড়েছে। হামে প্রতিদিন শিশুদের মৃত্যুর সংবাদ আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। মানুষের জীবন আগের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। আমি সরকারকে বলব, মানুষের জীবনমান সহনীয় করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপি জনরায়কে পাশ কাটানোর যে কৌশল নিয়েছে, তা জনগণ ভালোভাবে নেয়নি। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করায় সরকারের নীতি ও মনোভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী আমলের মতো দুঃশাসন ফিরে আসার ব্যাপারে আশংকা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে, গুম, মানবাধিকার ও বিচারবিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল না করার জন্য। তারপরেও বাতিল করা হয়েছে। এখন আমরা দেখতে চাই, সরকার এই বিষয়গুলোতে কী আইন করে। যদি সরকার পতিত স্বৈরাচারের মতো স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রাখে, তাহলে আমাদের আবারও রাজপথে নামতে হবে।’
এ ছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের অন্যান্য পর্যায়ের নেতারাও।
এসএন/পিডিকে