নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনিয়া রাজ্যে সোমবার ভোরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনিয়া রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) ভোরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দুই স্থানীয় বাসিন্দার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ওই গ্রামের প্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা হঠাৎ গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ছাড়া ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

গ্রামের এক যুব নেতা ইশায়া দাওয়া জানান, হামলাকারীরা মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে প্রবেশ করে অধিবাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বেশ কয়েকজন বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। হামলা চালিয়ে বেশ কিছু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

আক্রমণের কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কাদুনিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, পুলিশ প্রশাসন দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা ও ডাকাতি সাম্প্রতিক সময়ে বড় নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই অঞ্চলগুলোতে প্রায়ই এমন প্রাণঘাতী হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *