না ফেরার দেশে কিংবদন্তি গ্যারি সোবার্স

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। নিজ দেশ বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটে।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং– তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য সোবার্স ছিলেন অনন্য এক নাম। বাঁহাতি ব্যাটার হিসেবে তিনি ছিলেন বিধ্বংসী, আবার বল হাতে সমান দক্ষতায় করতেন বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন। পাশাপাশি স্লিপ বা কাছাকাছি অবস্থানে ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। তার বহুমুখী পারফরম্যান্সই তাকে ক্রিকেট ইতিহাসে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫ উইকেট। এই পরিসংখ্যানই প্রমাণ করে, ক্রিকেটের প্রতিটি বিভাগে কতটা প্রভাবশালী ছিলেন তিনি।

ক্রিকেটে তার অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বছরের সেরা পারফরমারকে যে সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা দেয়, সেই পুরস্কারটির নামকরণ করা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড’। তিন সংস্করণ মিলিয়ে বছরের সেরা ক্রিকেটারকে এই সম্মাননা প্রদান করা হয়।

সোবার্সের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি। আমাদের হৃদয়ে, আজীবন থাকবেন স্যার গারফিল্ড সোবার্স।’

কিংবদন্তি এই অলরাউন্ডারের বিদায়ে শূন্যতা তৈরি হলো ক্রিকেট অঙ্গনে, যা সহজে পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *