নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) তাঁর বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে অন্ধকার ঘরে গিয়ে দেখা যায়, আব্দুল বাছেদ মিয়াকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হচ্ছে। এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার জানডারে মাইরা ফেলছে, এত ভালো মানুষটা। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ছেলের হাতে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পাঁচ মাস আগে সে জামিনে বের হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *