নতুন মৌসুমে নতুন নিয়ম ইংলিশ ফুটবলে

ম্যাচের গতি ধরে রাখতে এবং কৌশলগত সময়ক্ষেপণে লাগাম টানতে নতুন নিয়ম চালু করছে ইংলিশ ফুটবল। ২০২৬-২৭ মৌসুম থেকে গোলকিপার চিকিৎসা নিতে মাঠে শুয়ে পড়লে বা চিকিৎসা নিলে, তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কেও সাময়িকভাবে মাঠ ছাড়তে হবে।

ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে সমন্বয় করে প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ এবং উইমেন্স সুপার লিগে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হচ্ছে। ট্রায়াল পরিচালনার অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

নতুন নিয়মগুলো আগামী ১ আগস্ট থেকে শুরু হওয়া ইংলিশ লিগ কাপের ম্যাচ দিয়েই কার্যকর হবে। এর আগে পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে ট্রানমেরে রোভার্স ও রচডেলের মধ্যকার লিগ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে প্রথমবারের মতো নিয়মটি প্রয়োগ করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, রেফারি ফিজিওকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার পর কোচদের হাতে থাকবে ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে তারা ঠিক করবেন কোন আউটফিল্ড খেলোয়াড় মাঠের বাইরে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাউকে মনোনীত করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে দলের অধিনায়ককেই মাঠ ছাড়তে হবে।

একই ধরনের নিয়ম এ মৌসুমে অস্ট্রেলিয়ার এ-লিগেও পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। তবে সেখানে গোলকিপার চিকিৎসা নিলে সবসময় দলের অধিনায়ককেই মাঠের বাইরে যেতে হবে।

গত মৌসুমে গোলকিপারদের ভুয়া চোটের অজুহাতে খেলার গতি কমানোর অভিযোগ বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, নতুন নিয়ম চালু হলে ইচ্ছাকৃত সময়ক্ষেপণের প্রবণতা কমবে এবং ম্যাচের ধারাবাহিকতা বজায় থাকবে।

তবে সব পরিস্থিতিতে এই নিয়ম কার্যকর হবে না। প্রতিপক্ষের ফাউলে গোলকিপার আহত হলে, সতীর্থের সঙ্গে সংঘর্ষে দুজনই চিকিৎসার প্রয়োজন হলে কিংবা গোলকিপারের রক্তপাত হলে কোনো আউটফিল্ড খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে না।

সময়ক্ষেপণ রোধে আরও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। থ্রো-ইন ও গোল কিক নেওয়ার সময় পাঁচ সেকেন্ডের গণনা চালু থাকবে। এছাড়া বদলি হওয়া খেলোয়াড়দের ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *