নকআউটে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন, সমীকরণ কী বলছে?

টানা দুই জয়ে আগেই নকআউটে নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর আলজেরিয়া-জর্ডান ম্যাচের পর নিশ্চিত হয়ে গেছে ‘জে’ গ্রুপের সেরা হয়েই নকআউটে যাচ্ছে আলবিসেলেস্তেরা। এখন সবার নজর, রাউন্ড অব ৩২-এ মেসিদের প্রতিপক্ষ কে হচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। আর এই গ্রুপ থেকেই উঠে আসতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের মধ্যে যেকোনো একটি দল।‘এইচ’ গ্রুপের বর্তমান পরিস্থিতি বেশ রোমাঞ্চকর। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ।

সম্ভাব্য সমীকরণ

স্পেন: শেষ ম্যাচে যদি উরুগুয়ের কাছে স্পেন হারে এবং অন্য ম্যাচে সৌদি আরব যদি কেপ ভার্দের সঙ্গে ড্র করে বা জিতে যায়, তবে স্পেন গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে তখন গ্রুপ চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে।

কেপ ভার্দে: আবার শেষ ম্যাচে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে যদি সৌদিকে হারায় অথবা ড্র করে, তাহলে কেপ ভার্দে ইতিহাস গড়ে রানার্সআপ হয়ে নকআউটে যাবে। আর তারাই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। আর সাম্প্রতিক ম্যাচগুলোর পর সম্ভাবনাকেই সবচেয়ে বাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা।

সৌদি আরব: স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারিয়ে দেয়, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে সৌদি আরব রানার্সআপ হতে পারে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও মেসিদের মুখোমুখি হতে পারে সৌদি আরব।

উরুগুয়ে : উরুগুয়ে ও কেপ ভার্দে যদি পয়েন্টের দিক থেকে সমতায় থাকে, তবে গোল ব্যবধান, গোল সংখ্যা কিংবা কার্ডের হিসাব (ফেয়ার প্লে) দেখা হবে। উরুগুয়ে যদি রানার্সআপ হয়, তবেই আর্জেন্টিনার বিপক্ষে তাদের দ্বৈরথ দেখা যাবে।

কার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা?

বর্তমানে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে ভোজিনহার নেতৃত্বে কেপ ভার্দে যদি সৌদিকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ওঠে, তবে সেটিই হবে বড় চমক। অন্যদিকে, উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তবে নাটকীয়ভাবে স্পেনই নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *