অবশেষে হচ্ছে সেই কনসার্ট, ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম

অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। নানা জটিলতায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের ঢাকা কনসার্ট এবার নতুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর মাধ্যমে আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান শোনাবেন এই শিল্পী।

মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে অনুষ্ঠান শুরুর মাত্র দুই দিন আগে সেটি স্থগিত করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন।

তখনই আয়োজকরা জানিয়েছিল, সুযোগ পেলেই একই আয়োজন নতুন করে করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এবার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

কনসার্ট স্থগিত হওয়ার পর আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের আশ্বস্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আবারও ঢাকায় ফিরবেন এবং আগের কনসার্টের টিকিট পুনর্নির্ধারিত আয়োজনেও বৈধ থাকবে।

আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলের নামও শিগগিরই জানানো হবে।

২০২৫ সালের কনসার্টের টিকিট কিনেও যারা অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত পুনরায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন, তারাও চাইলে সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের আবেদন করতে পারবেন। তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে সরবরাহ করা হবে।

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে ‘গেট মাই টিকিট ডট লাইভ’ প্ল্যাটফর্মে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচি পরে জানানো হবে।

মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই আবার এই কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি কনসার্ট নয়, দর্শকদের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের আয়োজন।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *