নওগাঁর মান্দায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘরসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত খালেকের ছেলে মো. নাসির উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাহফুজা খাতুন বলেন, রাতে ঘর থেকে বের হয়ে তিনি প্রথম গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রাণপণ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকি আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ফলে আগুন আশপাশের অন্যান্য বাড়িতে ছড়াতে পারেনি।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।