ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং দেশবাসীর প্রতি বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত রোগমুক্তি, পূর্ণ সুস্থতা এবং দেশ ও জনগণের সেবায় দ্রুত ফিরে আসার জন্য দোয়া করা হচ্ছে।
হেফাজত নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই সবাইকে ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।
এছাড়া হাটহাজারী দারুল উলুম মাদরাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।