দেড় যুগে ৩৯ বার ক্লাব বদল, ‘যাযাবর’ জেফ থমাস এখন ডাগআউটে

১৮ বছরের ক্যারিয়ার, ৫টি ভিন্ন দেশ, আর ক্লাব বদল ৩৯ বার। ফুটবল বিশ্বের অলিখিত এক যাযাবর ওয়েলস এর ফুটবলার জেফ থমাস। ইংল্যান্ডের বয়সভিত্তিক থেকে শুরু করে বেলজিয়াম, কানাডা, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র টাকার তাগিদ আর ফুটবলের নেশায় যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই ছুটে গেছেন ৩৬ বছর বয়সী এই উইঙ্গার। তবে দীর্ঘ দুই দশকের যাযাবর জীবনের পর, অবশেষে কি স্থায়িত্ব খুঁজে পেলেন জেফ?

মূলত,  ব্র্যাডফোর্ডে জন্ম নেয়া জেফ থমাসের ফুটবল যাত্রা শুরু হয়েছিল রদারহাম ইউনাইটেড থেকে। কিন্তু তরুণ বয়সের খামখেয়ালিপনার কারণে মূল দলে জায়গা হয়নি। এরপর থেকেই শুরু হয় এক রেকর্ড সৃষ্টিকারী অধ্যায়। রসিংটন মেইনে ৫ বার, মিকলওভার স্পোর্টসে ৪ বার, আর ফ্রিকলি অ্যাথলেটিক্সে ৩ বার, একই ক্লাবে বারবার ফেরা আর ছাড়ার অদ্ভুত এক চক্রে জড়িয়ে পড়েন তিনি।

ইংল্যান্ডের নন-লিগ ফুটবলের গণ্ডি পেরিয়ে থমাস পাড়ি জমিয়েছিলেন আমেরিকার কানসাস, বেলজিয়ামের মঁতেগনি, আর কানাডার থান্ডার বে চিল-এ। ক্যারিয়ারে এক মৌসুমেই খেলেছেন ৫টি ভিন্ন ক্লাবে। কিন্তু কেন বার বার ক্লাব বদলাতেন এই ফুটবলার?

জেফ থমাস বলেন, কোন ক্লাবে আমি কাঙ্ক্ষিত অর্থ না পেলে, অন্য ক্লাবে চলে যেতাম। অনেক বেশি ক্লাব বদলেছি, সঠিক হিসাবও আমার কাছে নেই। তবে ভিন্ন দেশ ও সংস্কৃতিতে ফুটবল খেলার এই অভিজ্ঞতা ছিল অসাধারণ।

তবে যাযাবর সেই জীবন ছেড়ে থমাস এখন শান্ত। দক্ষিণ ইয়র্কশায়ারের নবম টায়ারের দল ‘ডিয়ার্ন অ্যান্ড ডিস্ট্রিক্ট’র প্লেয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নিজের বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথের এই ক্লাবে তিনি এনে দিয়েছেন অভাবনীয় সাফল্য। ২০২১ সালেও স্থানীয় ডনকাস্টার লিগে খেলা এই ক্লাবটি এখন প্রথমবার খেলতে যাচ্ছে ঐতিহ্যবাহী এফএ কাপে!

বর্তমানে ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-১২ দলের কোচ হিসেবেও কাজ করছেন এই খেলোয়াড়। একসময় অর্থের পেছনে ছুটে এক ক্লাব থেকে অন্য ক্লাবে ঘুরে বেড়ানো জেফ এখন ডাগআউটে দাঁড়িয়ে নিজের তরুণ শিষ্যদের শেখাচ্ছেন ধৈর্যের পাঠ। মাঠের ভেতরের যাযাবর ফুটবলারটি এখন ডাগআউটের একজন সফল কান্ডারি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *