তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে সরকারি তোলারাম কলেজের সামনে কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ইটপাটকেল ও লাঠিসোটা ব্যবহারের ফলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার দাবি, আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দিলে তারা প্রতিবাদ জানান। পরবর্তীতে শিবির বহিরাগতদের নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে ছাত্রদলের ১০ জন আহত হন। 

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজুর অভিযোগ, ছাত্রদল পূর্বপরিকল্পিতভাবে হামলার প্রস্তুতি নিলে শিক্ষকদের পরামর্শে তারা চলে যাচ্ছিলেন। তবে চাষাড়া ও কলেজ রোড এলাকায় পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর দুই দফায় হামলা চালায়, এতে শিবিরের ১০ জন নেতাকর্মী আহত হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই উভয়পক্ষকে বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *