তিন মণ ইলিশসহ ৪ জনকে আটক করে জেল-জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ পরিবহণের দায়ে চারজনকে আটক করা হয়েছে। এরমধ্যে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড ও পরিবহণকারী দুজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে প্রায় তিন মণ ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের জেল ও জরিমানা করেন। 

কারাদণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। অর্থদণ্ডাদেশপ্রাপ্ত পরিবহণকারীরা হলেন চরফলকন গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এতে চার জনকে আটক করা হয়। অভিযানে প্রায় তিন মণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। 

মৎস্য বিভাগ জানায়, প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *