তথ্য গোপন করে জামিনের চেষ্টা : আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

পূর্বে অনুষ্ঠিত শুনানির তথ্য গোপন করে হাইকোর্টে পুনরায় জামিনের আবেদন ও তালিকাভুক্ত করার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান নামে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিন আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতের কার্যতালিকার ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নং–৫০৮১১) আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিন আবেদনের শুনানির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, একই আসামির একই মামলা এর আগেও হাইকোর্টের একটি ভিন্ন বেঞ্চে শুনানি হয়েছিল। পূর্ববর্তী বেঞ্চে শুনানির বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে জামিন আবেদনটি নতুন করে এ বেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে বিষয়টি ব্যাখ্যা করার নির্দেশ দেন বিচারক। তবে তিনি আদালতের সামনে কোনো সন্তোষজনক বা গ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি। ফলে আদালত প্রতারণামূলক আচরণের দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং আবেদনটি সরাসরি খারিজের নির্দেশ দেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়—এটি বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *