গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) ও একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেললাইনের পাশেই নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।