শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষক

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসা ও আবেগঘন পরিবেশে সিক্ত হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। শেষ কর্মদিবসকে ঘিরে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক আবেগঘন বিদায় অনুষ্ঠান। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেক শিক্ষার্থী ও সহকর্মী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিক ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের প্রধান উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সবাই বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম ও জ্যোতির্ময় সরকার বলেন, কেবল পাঠদানই নয়, একজন অভিভাবকের মতো পরম স্নেহে তাদের আগলে রেখেছিলেন প্রধান শিক্ষক। তার শিক্ষা, শাসন ও পরামর্শ তাদের ভবিষ্যৎ জীবনের প্রেরণা হয়ে থাকবে। 

সহকারী শিক্ষক নাজমা পারভীন বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন, যা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে আবেগআপ্লুত কণ্ঠে প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, কর্মজীবনের শেষ দিনে সহকর্মী ও শিক্ষার্থীদের এমন নিখাদ ভালোবাসা তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। বিদ্যালয়ের প্রতিটি স্মৃতি ও ভালোবাসার কথা তিনি আজীবন হৃদয়ে লালন করবেন। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *