চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইলে টিসিবি পণ্যের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। নিহত নয়ন হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, হাটবাকইলের ইসলামী ব্যাংকের নিচতলায় টিসিবির ডিলার সুজন ট্রেডার্সের পণ্যের গোডাউনে গতকাল বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে হঠাৎ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নয়ন আগুন নেভাতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আগুনের মধ্যে পড়ে মারাত্মক দগ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকো চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।