‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’ : গণপূর্তমন্ত্রী

জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, এই কথাটি শুধু মুখে না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

গৃহায়ণমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনকারীরা এক সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিল। আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেন তাদের সেই স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে যাঁরা দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সেই সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শহীদ পরিবারের পুনর্বাসন ও সহায়তার বিষয়ে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমার মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যা সুযোগ-সুবিধা পাবে, আপনারাও তা নিশ্চিতভাবে পাবেন। সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা যদি এখনো কেউ না পেয়ে থাকেন, তবে যোগাযোগ করলে আমরা প্রাপ্য বুঝিয়ে দেব।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য চৌধুরী বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের চেপে বসা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগকে কখনো ভুলে যেতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ কখনো পথ হারাবে না বলেও তিনি মন্তব্য করেন।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লার পাবলিক প্রসেকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসীম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ শহীদ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *