জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে শফিকুর রহমান এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। আমরা একটি কথা পরিষ্কার বলেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। আমরা মানুষ। আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধও হয়।’

বিরোধীদলীয় নেতা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা নিজেদের সংশোধন করব। আমি সহকর্মীদের বলব, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও যত্নশীল হতে হবে। সমাজে একটি কথা প্রচলিত আছে—সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু যা লাগে, তা স্পষ্টভাবে দেখা যায়।’

শফিকুর রহমান আরও বলেন, ‘নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। আমরা সংশোধনের চেষ্টা করব। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, তাহলে আমরা সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের অর্থ হলো আমিসহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *