জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপউপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, আগামীকাল রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত সিনেট কক্ষে এক অনুষ্ঠানে নতুন দুই উপ-উপাচার্য দায়িত্ব গ্রহণ করবেন।