জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপউপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ ‎শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, আগামীকাল রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত সিনেট কক্ষে এক অনুষ্ঠানে নতুন দুই উপ-উপাচার্য দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *