জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘাঁটিতে থাকা এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোন প্রস্তুতকারী অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ড্রোন প্রস্তুতকারী স্থাপনায় হামলায় আটটি নতুন এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে এবং আরও দুটি ড্রোন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলায় দুটি মার্কিন ভারী হেলিকপ্টার গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া এসব হামলায় কয়েকজন মার্কিন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *