বেকারত্ব দূরীকরণ ও দক্ষ যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী চাকরি মেলা।
আজ মঙ্গলবার (২৩ জুন) এই মেলায় সরাসরি সাক্ষাৎকার বা ‘স্পট ইন্টারভিউ’য়ের মাধ্যমে তাৎক্ষণিক চাকরি পেয়েছেন ৩২০ তরুণ-তরুণী। গতকাল সোমবার চাকরি পেয়েছেন ২০০ জন।
বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) যৌথ অর্থায়নে ‘রেইজ’ প্রকল্পের আওতায় এই মেগা ইভেন্টের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এহেড সোশ্যাল অর্গানাইজেশন’ (এসো)।
আজ জয়পুরহাট পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লায় অবস্থিত ‘এসো’র প্রধান কার্যালয় চত্বরে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার এমন অভিনব সুযোগ দেখতে সকাল থেকেই চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এবারের মেলায় আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এবং মোটরসাইকেল সার্ভিসিংসহ কারিগরি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদের জন্য জেলার মোট এক হাজার ৬০০ বেকার তরুণ-তরুণী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। মেলায় অংশ নেওয়া দেশের ২১টি স্বনামধন্য জাতীয় ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান প্রবাসীদের এবং স্থানীয় দক্ষ যুবকদের সিভি যাচাই-বাছাই করে সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করে। এরপর চূড়ান্তভাবে যোগ্য ৩২০ প্রার্থীর হাতে তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র তুলে দেয়।
আলোচনা সভার আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।
উদ্বোধনী বক্তব্যে দিলীপ কুমার চক্রবর্তী বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।’
‘এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং ‘এসো’র উপনির্বাহী পরিচালক আতাউর রহমান।
আলোচকরা বলেন, এ ধরনের আয়োজন দেশের বেকারত্ব দূরীকরণে মাইলফলক হিসেবে কাজ করবে। এটি মূলত নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি মেলা প্রাঙ্গণে চাকরিপ্রার্থীদের জন্য ‘সিভি হালনাগাদ’ এবং ক্যারিয়ারবিষয়ক বিশেষ পরামর্শমূলক সেমিনারেরও আয়োজন করা হয়, যা স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
কর্মসংস্থানের এই ধারাবাহিকতায় গতকাল সোমবারও সবুজনগর এলাকায় জেলার শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’ একটি পৃথক চাকরি মেলার আয়োজন করেছিল। সেই মেলা থেকেও ২০০ বেকার তরুণ-তরুণী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি লাভ করেন। দুই দিনের এই কর্মসংস্থান উৎসবে জেলাজুড়ে যুবসমাজের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।