নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিনকে (৪০) আটক করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারীবাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।
পুলিশ জানায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এ সময় মোটরসাইকেলটির দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।