জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছাতে সরকার বদ্ধপরিকর : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সব বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *