নীলফামারীর ডোমারে ছেলে দ্বিতীয় বিয়ে করায় লোকলজ্জার ভয়ে ছেলের ওপর অভিমান করে নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বাবা নুরুজ্জামান ওই এলাকার মৃত বাচ্চা মামুদের ছেলে।
স্থানীয়রা জানায়, নুরুজ্জামানের ছেলে ফরিদুল হঠাৎ করে দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তিনি তার ছেলের এই কাজ মেনে নিতে না পারায় সবার অগোচরে রাতের কোনো এক সময় বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে ভোরে মানুষজন বাঁশঝাড়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।