ছুটি বাতিল করে অস্ট্রেলিয়া যাবেন এবাদত!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের সংকটে পড়েছে বাংলাদেশ দল! একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন কিংবা অনিশ্চয়তায় পড়ছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে প্রথম সন্তানের জন্ম উপলক্ষে নেওয়া পিতৃত্বকালীন ছুটিও সংক্ষিপ্ত করতে হয়েছে পেসার এবাদত হোসেনকে। দেশের প্রয়োজনে ইতালি থেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে জাতীয় দলে যোগ দিচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, আগামী ২৯ জুলাই ঢাকায় ফিরবেন এবাদত। এরপর জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যোগ দিয়ে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করবেন। মূলত নাহিদ রানা পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়া এবং শরিফুল ইসলামের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়া নাহিদের বাঁ পাশের সাইড স্ট্রেনে গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, অন্তত চার সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে আরও কয়েক সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্ট তো বটেই, ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও তার খেলার সুযোগ নেই।

পেস আক্রমণে আরেকটি ধাক্কা শরিফুল ইসলাম। গ্রেড-১ হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে পুনর্বাসনে থাকা এই বাঁহাতি পেসার ২৯ জুলাই থেকে বোলিং শুরু করবেন। তবে ১২ আগস্ট ফিটনেস পরীক্ষার আগে তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না মেডিকেল টিম। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা থাকলেও প্রথম টেস্টে খেলা প্রায় অসম্ভব।

শুধু পেস বিভাগ নয়, ব্যাটিংয়েও ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাঁ পায়ের কাফের চোট কাটিয়ে উঠতে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ২৮ জুলাই থেকে তার দৌড় ও কন্ডিশনিং কার্যক্রম শুরু হওয়ার কথা। ১৩ আগস্ট ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দল।

এদিকে দীর্ঘমেয়াদি চোটে থাকা তানজিম হাসান সাকিবকে আরও আট থেকে দশ সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। নতুন করে স্ক্যানের ফলাফলের ভিত্তিতে তার মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে। অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও এখনও পুরোপুরি সুস্থ নন। ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই পেসারের চলতি মাসের শেষ দিকে ফিটনেস পরীক্ষা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৮ আগস্টের পর থেকে তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা যেতে পারে।

পেস বিভাগে একের পর এক চোটের কারণে নিজের ফ্র্যাঞ্চাইজি দায়িত্বও পিছিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলার সুযোগ থাকলেও জাতীয় দলের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ১ ও ৩ আগস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ আগস্ট ম্যাকাইয়ে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *