গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌভাতের অনুষ্ঠানে চুরির গরু জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের জন্যই একটি গরু জবাই করা হয়।
এদিকে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম দাবি করেন, শুক্রবার ভোররাতে তার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটিই বৌভাতের জন্য জবাই করা হয়েছে। ওই গরুটি চুরি করে জবাই করা হয়েছে- এমন অভিযোগ তিনি গোবিন্দগঞ্জ থানায় দিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ রফিকুল ইসলামকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।