রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৯ জুন) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগরীতে রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে একজন বহিরাগতকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)। তিনি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। আর গ্রেপ্তার করা শিক্ষার্থীরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার তালা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার শিমু (২৫); নড়াইল সদর উপজেলার ভাওখালী গ্রামের ফারুক মোল্লার ছেলে ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আতিকুর রহমান (২৫)। তারা সবাই রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলের আবাসিক শিক্ষার্থী।
ঘটনাসূত্রে জানা যায়, নিহত রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশে রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠে। এ সময় হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরবর্তী সময়ে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা কৌশলে হাসপাতাল ত্যাগ করে।
এ বিষয়ে আরএমপি মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নিহত যুবকের বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আজ সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।