চাকরি দেওয়ার কথা বলে অপহরণ, হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার

রাজধানীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হানি ট্র্যাপ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

হাতিরঝিল এলাকায় এক ভুক্তভোগীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. ফাহিম (২৬)। গতকাল রাজধানীর মুগদার মানিকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, সাগর হোসেন নামে এক ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। এ সময় ফাহিম তাকে শিক্ষাসনদপত্র নিয়ে মালিবাগ রেলগেটে আসতে বলেন।

ভুক্তভোগী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে গেলে ফাহিম তাকে অফিসে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেলে করে অপহরণ করেন। পরে তাকে হাতিরঝিল থানার নয়াটোলার শাহ সাহেব বাড়ি মাজারের সামনে একটি ভবনের সপ্তম তলার একটি বাসায় আটকে রাখা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, ফাহিম তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে অসহায় ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতেন। সাগরকে জোরপূর্বক আটকে রেখে তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা, মোবাইল ফোন, স্বর্ণের আংটি, হাতঘড়ি ও রুপার ব্রেসলেট ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

মেহেদী ইমরান জানান, এ ঘটনায় ভুক্তভোগী গত ১৬ মার্চ হাতিরঝিল থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন। মামলার পর হাতিরঝিল থানার অধিযাচনের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল ফাহিমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *