জুনিয়র হকি এশিয়া কাপে আগের দিন ছেলেরা হতাশ করলেও দেখাল দাপট মেয়েরা। চাইনিজ তাইপকে নিয়ে রীতিমতো ছেলে-খেলা করেছে বাংলার মেয়েরা। পুরো ম্যাচে কোনো পাত্তাই পায়নি চাইনিজ তাইপে। বাংলাদেশ উড়িয়েছে দিয়েছে ৭-০ গোলে।
অবশ্য ম্যাচের শুরুটা ছিল ভিন্ন। প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সেই চিত্র বদলে যায় পরের তিন কোয়ার্টারে। এই সময়ে চাইনিজ তাইপেকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। গুনে গুনে তাদের জালে বল জড়িয়েছে সাতবার। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার ও নাদিরা এমা। একটি করেছেন কনা আক্তার।
প্রথম কোয়ার্টারে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে মাঠে নেমেই গোল পায় বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে কর্নার ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই কোয়ার্টারে এরপর অবশ্য আর গোল পায়নি বাংলাদেশ।
তবে তৃতীয় কোয়ার্টারে মাঠে ফিরেই একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। এই কোয়ার্টারেই আসে আরও চার গোল। জোড়া গোল করেন আইরিন ও এমা। দুটিই ছিল ফিল্ড গোল।
চতুর্থ কোয়ার্টারে আরও দুইবার চাইনিজ তাইপের জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫১তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশ ষষ্ঠ গোল এনে দেন সারিকা। মাত্র ছয় মিনিট পরই নিজের জোড়া গোল করে চাইনিজ তাইপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সারিকা।
দশ দলের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, কাজাখস্তান, চাইনিজ তাইপে আর হংকং। এলিট পুলে আছে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। আর আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে এলিট পুলের পাঁচ দল। অন্যদিকে, চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম হওয়া দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।