দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় একপর্যায়ে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
সভা শেষে প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশ দেন। সেখানে শিল্প খাতের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী শিল্প খাতের সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করতে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় বুধবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সম্পর্কে অবগত এবং এসব সমস্যা সমাধানে আন্তরিক। শিল্পের স্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ নিতেই এই কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে বিটিএমএর সভাপতি শওকাত আজিজ রাসেল টেক্সটাইল শিল্পের প্রধান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর মধ্যে গ্যাস সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শিল্পের সক্ষমতা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিরা সমস্যা সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। বিটিএমএর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মো. মোশারফ হোসেন ও প্রকৌশলী রাজীব হায়দারসহ অন্যরা।
এসএন/পিডিকে