গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে।
৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ খাতের সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক
এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বুধবার বিকেলে ম্যানিলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এ সময় ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাশিয়ার সঙ্গে বৈঠক
এদিকে, ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চলমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি আইন প্রণয়ন পর্যায়ে সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এরও প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে দুই পক্ষই ঐকমত্য পোষণ করেছে।
চীনের সঙ্গে বৈঠক
উপদেষ্টা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ড. খলিলুর রহমান।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে সার্বিক সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এবং অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহণ করিডোর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
পাকিস্তানের সঙ্গে বৈঠক
এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা বাড়াতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে এআরএফ প্ল্যাটফর্ম।