সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক শিক্ষিকার ব্যক্তিগত রিল ভাইরাল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেটিজেনরা জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’ গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গানটির মূল গায়ক মেজবাহ রহমান।
শিক্ষিকার ভাইরাল হওয়া রিল এবং এই গানে নেটিজেনদের প্রতিবাদের ঝড় তোলা প্রসঙ্গে গায়ক মেজবাহ রহমান বলেন, ‘এই গান গাওয়াকে আমি কোনো নেতিবাচকভাবে দেখি না। একই সঙ্গে এটি প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিচ্ছেন নেটিজেনরা, যা একজন গায়ক হিসাবে আমার ভালো লাগছে।’ শিল্পীর মতে, শিল্প ও গান যখন সমাজের আবেগের বহিঃপ্রকাশ বা প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে, তখন তা একজন শিল্পীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষিকার একটি ব্যক্তিগত রিল ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনলাইনে নানা তর্ক-বিতর্ক শুরু হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একটি পক্ষ শিক্ষিকাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও ট্রল শুরু করে, যা পরবর্তীতে সাইবার বুলিংয়ের রূপ নেয়।
এই ট্রল ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসেন সচেতন নেটিজেনরা। তারা মনে করেন, ব্যক্তিগত স্বাধীনতা ও শখের জায়গায় এভাবে হস্তক্ষেপ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সাইবার বুলিং ও অপপ্রচারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে নেটিজেনরা মেজবাহ রহমানের জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটিকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নেন, যা বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।