খোলা আকাশের নিচে গঙ্গার ঘাটে ঘুমাচ্ছেন সুনীল গ্রোভার!

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পী এবং অভিনেতা সুনীল গ্রোভার আবারও আলোচনায়। তবে এবার কোনো নতুন শো বা চরিত্রের কারণে নয়, বরং তার একেবারে সাধারণ জীবনযাপনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর।

সম্প্রতি সুনীল গ্রোভার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে গঙ্গার ঘাটে একটি সাধারণ চাদরের ওপর শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়। খোলা আকাশের নিচে অন্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা এই দৃশ্য অনেককেই বিস্মিত করেছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় এবং শুরু হয় নানা আলোচনা।

ভিডিওর শুরুতে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সুনীলের মতো দেখতে কোনো ব্যক্তি সেখানে শুয়ে আছেন। কিন্তু পরে স্পষ্ট হয়, তিনি স্বয়ং সুনীল গ্রোভার। পরনে ছিল সাধারণ টি-শার্ট ও হাফপ্যান্ট। কোনো তারকাসুলভ আয়োজন বা বাড়তি নিরাপত্তা ছাড়াই তাকে দেখা যায় সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশে সময় কাটাতে।

যদিও ভিডিওটির স্থান সম্পর্কে সুনীল আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে অনেকের ধারণা এটি উত্তরাখণ্ডের ঋষিকেশের বিখ্যাত ত্রিবেণী ঘাট। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “তারে জমিন পর”। আর পেছনে বাজতে শোনা যায় ভক্তিমূলক গান ‘জয় কাল মহাকাল’। এই সংমিশ্রণ ভিডিওটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।

ভিডিওটি প্রকাশের পর অনুরাগীদের প্রশংসায় ভেসে যান অভিনেতা। মন্তব্যের ঘরে বহু ভক্ত তার সরলতা ও মাটির কাছাকাছি থাকার মানসিকতার প্রশংসা করেন। একজন লিখেছেন, “এই কারণেই আপনাকে সবাই এত ভালোবাসে।” আবার কেউ মন্তব্য করেছেন, “তারকা হয়েও সাধারণ মানুষের মতো জীবন উপভোগ করার ক্ষমতা সবার থাকে না।”

অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার নিজের সহজ-সরল জীবনধারার ঝলক দেখিয়েছেন সুনীল। কখনও তাকে রাস্তার পাশের হ্যান্ডপাম্পে কাপড় ধুতে দেখা গেছে, আবার কখনও মাটিতে বসে নিজ হাতে রুটি তৈরি করতে দেখা গেছে। ময়দা মাখা থেকে শুরু করে রুটি বেলা ও আগুনে সেঁকে নেওয়া ,সব কাজই তিনি নিজে করেছেন। সেই ভিডিওগুলিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।

দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি নিজের স্বতঃস্ফূর্ত আচরণ এবং ব্যতিক্রমী ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় সুনীল গ্রোভার। কৌতুকধর্মী অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ তে তার উপস্থিতি দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছে। অনুষ্ঠানে কপিল শর্মা, কিকু শারদা ও কৃষ্ণা অভিষেকের সঙ্গে তার রসায়নও ছিল প্রশংসিত।

এদিকে অভিনয়জীবনের ব্যস্ততাও থেমে নেই সুনীলের। শিগগিরই তাকে নতুন চলচ্চিত্র ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ এ দেখা যাবে। অরুণাভ কুমার ও দীপক কুমার মিশ্র পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র, তমন্না ভাটিয়া, অনূপ সোনী, দুর্গেশ কুমার এবং শ্বেতা তিওয়ারী। একতা কাপুর ও শোভা কাপুর প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *