ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কারারক্ষী বিপ্লব জানান, আব্দুল মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী বিপ্লব আরও জানান, আব্দুল মান্নানের হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার বাবার নাম জয়লান আবেদীন। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখণ্ড এলাকায়। নবাবগঞ্জ থানার একটি মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।