কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কারাগারে সকালের খাবার খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চাঁন মিয়া বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের বাসিন্দা।

বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, আজ শুক্রবার সকালে বন্দিরা খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সুপার আরও বলেন, কারা বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাজতি চাঁন মিয়াকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *