বিশ্বকাপের শিরোপার লড়াই শেষ হলেও বিতর্কের ছায়া এখনো কাটেনি। ফাইনালের পর মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে স্পেনের দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনায় এবার মুখ খুলেছেন আর্জেন্টিনার সহকারী কোচ ফাবিয়ান আয়ালা। নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে তিনি স্বীকার করেছেন ভুল, জানিয়েছেন সুযোগ পেলে ওলমোর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন।
ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘এমন একটি ম্যাচের পর স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগে। ফাইনালের স্মৃতি, ম্যাচের বিশ্লেষণ এবং পুরো যাত্রা নিয়ে এখনো আলোচনা চলছে।’
মাঠের সংঘর্ষের ঘটনা নিয়ে নিজের দায় স্বীকার করে আয়ালা বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর দেখি মাঠের মাঝখানে ঝামেলা হচ্ছে। আমি সেখানে গিয়েছিলাম পরিস্থিতি থামাতে, কারণ এটা আমাদের পরিচয় নয়। আমি যা করেছি, তার দায়িত্ব নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল শুধু বিষয়টি শান্ত করা।’
দানি ওলমোর সঙ্গে হওয়া ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আর্জেন্টিনার সহকারী কোচ বলেন, ‘সেই মুহূর্তে সবার আবেগ অনেক বেশি ছিল। তবে এটা কোনো অজুহাত হতে পারে না। আমি এমন আচরণ করতে পারি না। এটা ঘুষি ছিল না, বরং ধাক্কার মতো ছিল। তবে আমার প্রতিক্রিয়া ঠিক হয়নি। ওলমোর সঙ্গে দেখা হলে আমি তাকে সামনাসামনি ক্ষমা চাইব।’
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার নিয়ে কোনো অজুহাত খুঁজতে চান না আয়ালা। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘স্পেন বিশ্বকাপ জয়ের যোগ্য দল ছিল। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং প্রাপ্যভাবেই শিরোপা জিতেছে। তাদের ফুটবল অনেক মানুষ পছন্দ করে। আমাদের জন্য এটি আরেকটি শিক্ষা।’
এনজো ফার্নান্দেজের লাল কার্ড ও রেফারিং নিয়েও নিজের মত জানিয়েছেন আয়ালা। তিনি বলেন, ‘রেফারি কিছু ছোট ফাউল এড়িয়ে গেছেন। প্রথম হলুদ কার্ড হয়তো একটু দ্রুত দেখানো হয়েছিল। তবে দ্বিতীয়টি ছিল শক্তিশালী চ্যালেঞ্জ, তাই হলুদ কার্ড প্রাপ্য। আমরা বলতে পারি না যে, রেফারি খারাপ ছিলেন। ফাইনালের মতো ম্যাচ পরিচালনা করে তিনি ভালোই করেছেন।’