এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে (১১টি শিক্ষাবোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন ও কারিগরি শিক্ষাবোর্ডের ১০ জন শিক্ষার্থী রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে আজ ১১টি বোর্ডের কোনো কক্ষ পরিদর্শকে (শিক্ষক) বহিষ্কার করা হয়নি।
আজ ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পর্যায়ে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ৪৮১টি কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ছয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল দুই লাখ ৫৩ হাজার ৮৮২ জন। যার মধ্যে দুই লাখ ৪১ হাজার ৭৩২ জন অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে বহিষ্কার হয়েছে তিনজন শিক্ষার্থী। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ ১৭ হাজার ৭৬১ জন, যেখানে মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ২০ হাজার ১৬০ জন। এই বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।