দাম বেড়ে কাকরোল এখন সেঞ্চুরি পার করেছে। একইসঙ্গে তাল মিলিয়ে দামের ক্ষেত্রে সেঞ্চুরি পার করেছে শসা, বেগুন, বরবটি, বিটরুটসহ শিমও।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। এতে তিন-চারটি সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে গিয়ে অনেক ক্রেতাই বিপাকে পড়ছেন। গত সপ্তাহে যেসব সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে ছিল, এখন সেইসব সবজি ১০০ টাকার ওপরে চলে এসেছে।
এবার দামের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কাকরোলের দাম। কিছুদিন আগেও প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাকরোলের সঙ্গে শসা, বেগুন, বরবটি, বিটরুট ও শিমের দাম বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে শসা, বেগুন, বরবটি, বিটরুট ও শিমের দাম প্রতি কেজিতে সেঞ্চুরি ছাড়িয়েছে। এরসঙ্গে পাল্লা দিয়ে সজনে ডাঁটার দাম কেজি প্রতি ১৬০ টাকার কোঠায় উঠে এসেছে। অবশ্য পটল, ঢেঁড়শ, টমেটো ও করলা প্রতি কেজি এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই তিন সবজির গত সপ্তাহে আরও কমে পাওয়া যেত।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার, কাপ্তানবাজার, হাতিরপুল বাজারসহ কয়েকটি কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহে যেখানে খুচরা সবজির দোকানে কাকরোল প্রতি কেজি বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৭০ টাকায়, এখন সেই কাকরোল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়। গত মাসেও যে শসার দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা, এখন সেই শসার দাম ১০০ থেকে ১১০ টাকা। এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। তবে বাজারে লম্বা ও গোল বেগুনের দামে ভিন্নতা রয়েছে। এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭০ টাকায়। গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। বাজারে এখন লাউ ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। মিষ্টি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। লতি, চিচিঙ্গার দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।
এছাড়া দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা এবং ফার্মের মুরগি আকার ভেদে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাপ্তানবাজারে সবজি ব্যবসায়ী রাজন মিয়া বলেন, সবজির দাম ওঠানামা করে, তবে এবারে চার-পাঁচটি সবজির দাম শত টাকা পাড় করেছে। এবারে কাকরোল, শসা, বেগুন, বরবটির দাম বাড়তি জানিয়ে তিনি বলেন, চাহিদা বাড়ায় এখন দাম বাড়তি। অপরদিক মৌসুম না থাকায় বেশকিছু সবজির দাম আগে থেকেই বাড়তি।
একই বাজারে কথা হয় সবজি ক্রেতা জাকিরের সঙ্গে। তিনি বলেন, কয়েকটি সবজির দাম শত টাকা পাড় করেছে, যা কিছুদিন আগেও দাম ছিল ৩০ টাকার মতো কম। তিনি আরও বলেন, কয়েকদিন আগেও সেসব সবজি ৮০ টাকার নিচে কিনতে হয়েছে, তা এখন ১০০ টাকার ওপরে। কোথাও কোথাও মানভেদে দামে পার্থক্য আরও বেশি।
জ্বালানি সংকটের কারণে কিছু সবজির দাম বাড়তি জানিয়ে কাপ্তানবাজারের সবজি ব্যবসায়ী রাজিব ও মরিয়ম বলেন, মৌসুম নেই এ কারণে কিছু সবজির দাম বেড়েছে। আবার সরবরাহ কমের কারণে কিছু সবজির দামও বাড়তি। তবে সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কাপ্তানবাজারে কথা হয় ক্রেতা আশরাফ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, আজ বেশকিছু সবজির দাম চড়া।