এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

নরওয়ের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। শেষ ম্যাচে নরওয়েকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে ভুমিকা ছিল বড় তারকা কিলিয়ান এমবাপ্পের। ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এতেই নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে। পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

নরওয়ের বিপক্ষে এই দুটি অ্যাসিস্টের পর বিশ্বকাপে এখন এমবাপ্পের গোল সংখ্যা ১৬টি এবং অ্যাসিস্ট ৪টি। সব মিলিয়ে মোট ২০টি গোলে সরাসরি অবদান রাখলেন তিনি। এতে বিশ্বকাপে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এমবাপ্পে।

এতদিন এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই ফুটবল সম্রাটের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা ছিল ১৯টি। এমবাপ্পের এই রেকর্ডের ফলে কিংবদন্তি পেলে এখন তালিকার তিন নম্বরে নেমে গেছেন।

তবে এই তালিকার শীর্ষস্থানটি এখনো ধরাছোঁয়ার বাইরে। গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যানে সবার চেয়ে অনেকটা এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে মেসির গোল ১৮টি এবং অ্যাসিস্ট ৯টি। অর্থাৎ মোট ২৭টি গোলে সরাসরি অবদান রেখে তিনি এখন তালিকার চূড়ায়।

টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা এখনো বাকি। তাই এমবাপ্পে ও মেসি—উভয়ের সামনেই সুযোগ রয়েছে তাদের এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *