একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

ঝালকাঠির নলছিটি শহরের একটি ভবনের দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হাইস্কুল সড়কের ‘স্বর্ণা ভিলায়’ চোরের দল প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণা ভিলার দ্বিতীয় তলায় থাকা ফ্ল্যাট দুটির একটিতে প্রবাস ফেরত জামাল হোসেন এবং অন্যটিতে স্কুল শিক্ষক মাকসুদা বেগম ভাড়া থাকেন। মঙ্গলবার সন্ধ্যার পর উভয় পরিবার নিজ নিজ ফ্ল্যাটে তালা দিয়ে পারিবারিক কাজে বাইরে যান। 

রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে একদল চোর ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা ঘরের আলমারি ভেঙে জামাল হোসেনের ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার এবং মাকসুদা বেগমের ফ্ল্যাট থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রাতে পরিবারের সদস্যরা ঘরে ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফ্ল্যাট দুটির তালা ভাঙার সময় চোরের হাত কেটে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ঘরের মেঝে থেকে শুরু করে বাইরের মূল সড়ক পর্যন্ত রক্তের দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *