ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বকীয়তা, স্বাধীনতা ও গ্রাহকস্বার্থ রক্ষা এবং বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে ইসলামী ব্যাংক কালিয়াকৈর শাখার সামনে স্থানীয় ‘গ্রাহক ফোরাম’র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন গ্রাহক মো. আজহার আলী।
গ্রাহক ফোরামের প্রতিনিধি হিসেবে মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা জাকির হোসেন, অ্যাডভোকেট আমজাদ হোসেন ও মোস্তফা কামালসহ সচেতন গ্রাহক সমাজের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ও সবচেয়ে আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ওপর দীর্ঘ দিন ধরে বিভিন্ন মহল থেকে অযাচিত ও রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা চলছে। অতীতে ব্যাংকিং খাতে নানা বিতর্ক, ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে পুনরায় এই ব্যাংকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে। এটি শুধু ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছে না, বরং গোটা দেশের সামগ্রিক আর্থিক খাতের জন্যই চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
মানববন্ধন থেকে বক্তারা গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকের স্বকীয় ঐতিহ্য ফিরিয়ে আনা এবং অবিলম্বে বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের জোর দাবি জানান। অন্যথায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।